আ.লীগ ব্যতীত নির্বাচন হলে ৬৭ শতাংশ জনগণ সেটিকে অবৈধ নির্বাচন হিসেবে মত দেওয়ার দাবিতে ভুয়া জরিপ প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। যার ফলে আসন্ন নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারছে না। এমন পরিস্থিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত হলে ৬৭ শতাংশ জনগণ সেটি অবৈধ হবে বলে মতামত দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি আজকের নিউজ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবি সংবলিত ওই ফটোকার্ড প্রকাশ করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘২০২৬ অন্তর্বর্তী সরকারের নির্বাচনে আওয়ামী লীগ কে বাদ রেখে নির্বাচন হলে সেটা অবৈধ হবে বলে ৬৭% শতাংশ জনগণের মত!’ শীর্ষক দাবিতে কোনো জরিপ প্রকাশের খবর মেলেনি নির্ভরযোগ্য সূত্রে। প্রকৃতপক্ষে, বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের করা ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপের ফলাফল তুলে ধরার অনুষ্ঠানের ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তবে উল্লিখিত জরিপের কোথাও এমন কোনো তথ্য পাওযা যায়নি।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো জরিপের সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪-এর ওয়েবসাইটে গত ৩০ জানুয়ারি নির্বাচনে ভোট দেবেন ৯৩ শতাংশ মানুষ: জরিপ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটির সন্ধান পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি গত ৩০ জানুয়ারি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের করা একটি সংবাদ সম্মেলনের। যেখানে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের করা ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক জরিপের ফলাফল তুলে ধরেন। তাদের জরিপে অংশগ্রহণকারীদের ৯৩ দশমিক ৩ শতাংশ নির্বাচনে ভোট দিবেন বলে জানিয়েছেন এমনটা উল্লেখ করেন তারা। এছাড়াও নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পরিসংখ্যা তাদের জরিপ থেকে পাওয়া যায় বলে প্রতিবেদনটি থেকে জানা যায়। কিন্তু তাদের জরিপে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে ৬৭ শতাংশ জনগণের সেটা অবৈধ হবে বলে মতামত দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ইনোভেশন কনসাল্টিংয়ের করা সংবাদ সম্মেলনের ছবি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে কথিত জরিপের মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ৬৭ শতাংশ জনগণের ওই নির্বাচনকে অবৈধ বলে মত দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: