শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ দাবিতে তাসনিম জারার নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ‘শ্রেষ্ট মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেন।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শ্রেষ্ট মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেন’ শীর্ষক মন্তব্য করেননি তাসনিম জারা। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Torbhon TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Torbhon TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ডা. তাসনিম জারা ‘শ্রেষ্ট মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ করেন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Torbhon TV – Facebook Post
- Rumor Scanner’s analysis

