ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর ওপর হামলার দাবিতে বুলগেরিয়ার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ইসরায়েলের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলের পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলা হওয়ার দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, বুলগেরিয়ার একটি রাজনৈতিক সভার পুরোনো ও ভিন্ন একটি ঘটনার ভিডিওকে নেতানিয়াহুর ওপর হামলা দাবিতে প্রচার করা হচ্ছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর ওপর হামলার কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম The Guardian-এর ওয়েবসাইটে একই ভিডিওটির সন্ধান পাওয়া যায়।

গণমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি মূলত বুলগেরিয়ার মুভমেন্ট ফর রাইটস এন্ড ফ্রিডমসের নেতা আহমেদ দোগানের টেলিভিশনে সরাসরি বক্তব্য প্রদানের মুহূর্তে তার ওপর হামলা হওয়ার ঘটনার। ঘটনাটি ২০১৩ সালের জানুয়ারি মাসের। সেদিন ওকতাই এনিমেহমেদভ নামের এক যুবক আহমেদ দোগানের ওপর বন্দুক নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তবে ভিডিওটিতে দেখতে পাওয়া যায়, ওই যুবকের বন্দুকটি ঠিকমত কাজ না করায় আহমেদ দোগান আত্মরক্ষার জন্যে তার ওপর হামলে পড়েন। পরবর্তীতে দেহরক্ষীরা তাকে সুরক্ষিত করেন।
একই ঘটনার ভিডিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সেসময় প্রচারিত হতে দেখা যায়। এমন কিছু ভিডিও প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে। আরেক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আয়োজিত তার রাজনৈতিক দলের একটি সভায় বক্তব্য প্রদানের সময় ঘটে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে ইসরায়েল কিংবা বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং, ২০১৩ সালে বুলগেরিয়ার এক নেতার ওপর হামলার পুরোনো ভিডিওকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Guardian Website: Bulgarian politician avoids gun assassination attempt live on TV – video
- ABC News Youtube Channel: Failed Assassination Attempt on Bulgarian Opposition Leader
- Al Jazeera English Youtube Channel: Bulgaria attack
- Sky News Website: Bulgaria Gun Attack: Turkish Politician Escapes
- Rumor Scanner’s Analysis

