সাতক্ষীরায় ভূমিকম্পে পুকুরের পানিতে ঢেউ উঠার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়

গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। এরই প্রেক্ষিতে, ভূমিকম্পের কারণে সাতক্ষীরায় পুকুরের পানিতে ঢেউ উঠার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। একই দাবিতে উক্ত ভিডিওটি বাংলাদেশের একাধিক গণমাধ্যমেও প্রচার করা হয়েছে।

গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন: মাছরাঙা টিভি, জাগো নিউজ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক সকাল, টাইমস অব বাংলাদেশ, ক্যাম্পাস টাইমস, বিডি২৪ রিপোর্ট, বৈশাখী টিভি, এশিয়ান টাইমস, আজকাল।
ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, উক্ত ভিডিওটি গত বছরের মার্চ মাস থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
অনুসন্ধানে থাই ভাষায় লিখা ‘พระ สมชาย ขันติวโร’ শীর্ষক একটি অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ২৮ মার্চ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনের দাবি অনুযায়ী প্রচারিত ভিডিওটি থাইল্যান্ডের।
এরপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে থাইল্যান্ডের গণমাধ্যম দ্যা ন্যাশন এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২৮ মার্চ মায়ানমারে আঘাত হানে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প; যা থাইল্যান্ড এবং প্রতিবেশী দেশগুলিতে তীব্রভাবে অনুভূত হয়েছিল।
তবে, আলোচিত ভিডিওটি গত বছরের মার্চ মাসের ভূমিকম্পের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের সাতক্ষীরার ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- พระ สมชาย ขันติวโร- Facebook Post
- Tha Nation- Sagaing Fault: Myanmar Earthquake Triggers Bangkok Collapse, Region on High Alert

