ভোটদান নিয়ে প্রধান উপদেষ্টার ভুয়া মন্তব্য যুক্ত করে ডিবিসি নিউজের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘ব্যক্তি সার্থের জন্য দূর্নীতিবাজ চান্দাবাজ দখলবাজ ও সন্ত্রাসী দলকে ভোট দিয়ে সুন্দর একটা দেশকে ধংশ করে দিবেন না’ এবং ‘যেনে বুঝে চাদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ ও সন্ত্রাসী দলকে ভোেট দিলে এই দেশ ধংশের জন্য আপনিই দ্বায়ী’ শীর্ষক মন্তব্য দুইটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করেছেন দাবিতে ইলেক্ট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ডগুলো যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোটদান নিয়ে প্রধান উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি এবং ডিবিসি নিউজও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো এবং প্রধান উপদেষ্টার ছবি রয়েছে। তবে, প্রকাশের তারিখ উল্লেখ নেই।

উক্ত তথ্যের সূত্র ধরে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে গত ১৬ ডিসেম্বর ‘যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, মূল ফটোকার্ডটিতে শিরোনামের ‘যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: প্রধান উপদেষ্টা’ শীর্ষক লেখাটি যুক্ত করে দেওয়া হয়েছে। যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দুইটি ফটোকার্ড তৈরি করা হয়েছে। তাছাড়া, ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রধান উপদেষ্টার এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ভোটদান ও চাঁদাবাজ নিয়ে ডিবিসি নিউজের নামে প্রচারিত এই ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: