জাবের ও জুমার ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিক সায়েরের নামে ভুয়া মন্তব্য প্রচার

গতকাল (০৮ জুলাই) সন্ধ্যার দিকে আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এরই প্রেক্ষিতে, জাবের ও জুমাকে নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের “ইনকিলাব কালচারাল সেন্টার এবং হাদির নির্বাচনী তহবিলের প্রায় ৫০ কোটির মত টাকা জুমা এবং জাবের মিলে সরিয়ে ফেলে। বাকি সদস্যরা হিসাব চাইলে তারা পদত্যাগের নাটক করে” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ )।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর জাবের ও জুমাকে জড়িয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন কোনো মন্তব্য করেননি বরং, আলোচিত মন্তব্যটি শুরুতে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে সংবাদ হতো। কিন্তু, অনুসন্ধানে এমন মন্তব্য করার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি সাংবাদিক সায়েরের ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, সাংবাদিক জুলকারনাইন সায়েরের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ‘এটি ভুয়া’।
এছাড়া, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Gupto Television’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (০৮ জুলাই) রাত ১১টা ৪৪ মিনিটে উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, পোস্টটিতে কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।
এরপর, ‘Gupto Television’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ, এটি থেকে নিয়মিত বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ভুয়া বক্তব্য (১, ২, ৩) প্রচার করা হয়।
সুতরাং, জাবের ও জুমার ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিক জুলকারনাইন সায়েরের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Zulkarnain Saer- Facebook Account
- Zulkarnain Saer- Statement
- Gupto Television- Facebook Post
- Zulkarnain Saer- Facebook Page

