গত ২৩ মে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর অতর্কিত হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ ওঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। যা নিয়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। এরই প্রেক্ষিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা “নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে ক্যাচালের মধ্যে আমরা যেন হাদী ভাইকে ভুলে না যাই।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রয়াত ওসমান হাদিকে জড়িয়ে ফাতিমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। ফাতিমা তাসনিম জুমা এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায় যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘দৈনিক মোল্লার দেশ’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, ফাতিমা তাসনিম জুমার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ফাতিমা তাসনিম জুমা “নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে ক্যাচালের মধ্যে আমরা যেন হাদী ভাইকে ভুলে না যাই।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post
- দৈনিক মোল্লার দেশ – Facebook Page


