দেশকে লুট করা প্রসঙ্গে শামারুহ মির্জার মন্তব্য দাবিতে মোহনা টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জার ছবি সংযুক্ত করে ‘ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে শামারুহ মির্জা আমরা চাইলে দেশকে উলট লুট করে দিতে পারি’ শিরোনামে মোহনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ‘ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে শামারুহ মির্জা আমরা চাইলে দেশকেউলট লুট করে দিতে পারি’ শিরোনামে মোহনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মোহনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মোহনা টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘২৮ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২৮ মার্চ কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, মোহনা টিভির ফেসবুক পেজে গত ২৮ মার্চ ‘ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে শামারুহ মির্জা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মোহনা টিভির মূল ফটোকার্ডটিতে ‘‘ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে শামারুহ মির্জা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত বাক্যের পাশাপাশি ‘আমরা চাইলে দেশকেউলট লুট করে দিতে পারি’ শীর্ষক শব্দগুচ্ছও যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, মোহনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত মোহনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করে বলেন, কিছুদিন পরপরই কিছু নিম্নরুচির ও নিম্নমেধার মানুষ আমার দাদা ও বাবাকে নিয়ে অযথা উত্তেজনায় ভোগে (এই স্ট্যাটাসের পর আবারও ভুগবে, জানি)। বিষয়টা বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলোর সময় বেশি চোখে পড়ে। এর কারণ একটাই, আমার আব্বা সবসময় পপুলিজমের বিপরীতে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছেন, ১৯৭১ এর গল্প, বাঙালির শুধু বাংলাদেশি হয়ে ওঠার কথা, একটি পতাকার নিচে।’

সুতরাং, শামারুহ মির্জার ছবি সংযুক্ত করে ‘ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে শামারুহ মির্জা আমরা চাইলে দেশকেউলট লুট করে দিতে পারি’ শিরোনামে মোহনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: