ইসরায়েলের দাবানল প্রসঙ্গে পুরোনো ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার 

সম্প্রতি ‘Alhamdulillah…Hijrael is burning!’ শীর্ষক শিরোনামে ইসরায়েল আগুন পুড়ছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কোনো অগ্নিকাণ্ডের ঘটনার নয় বরং এটি ২০২১ সালে ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পার্শ্ববর্তী বেইত মেইরের কাছে একটি জঙ্গলে আগুন লাগার দৃশ্য।

অনুসন্ধানের শুরুতে উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইসরাইলি সংবাদমাধ্যম ‘The Jerusalem Post’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৮ আগস্টে “My home was damaged in the Jerusalem fires. How do I get reimbursed?” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘The Times of Israel’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৫ আগস্ট তারিখে ‘Houses burn as huge wildfire forces evacuation of six Jerusalem-area communities’ শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।  

উপরিউক্ত প্রতিবেদন দুইটি থেকে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট ইসরায়েলের রাজধানী জেরুজালেম থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রামাত রাজিয়েল শহরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তীব্র বাতাসের সাথে গরম, শুষ্ক আবহাওয়ার মিলিত প্রভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেন। বিশাল এই দাবানলের কারণে জেরুজালেম ও পার্শ্ববর্তী এলাকার ছয়টি সম্প্রদায়কে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে বলেও জানা যায়।

এছাড়া, সেসময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আগুন নেভাতে দমকলকর্মীদের সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট ও দেয়া হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে ইসরাইলের কয়েকটি শহরে ভয়াবহ দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা যায়। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে অংশ নিয়েছেন বলেও জানা যায়।

প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কয়েকটি শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ২০২১ সালের আগস্টের দাবানলের আলোচিত ছবিটি সম্প্রতি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ২০২১ সালে ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পার্শ্ববর্তী বেইত মেইরের কাছে একটি জঙ্গলে আগুন লাগার ছবিকে সাম্প্রতিক ইসরায়েলে দাবানলের ছবি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: