জুলাই অভ্যুত্থান পরবর্তী বিষয়ে ডা. তাসনিম জারাকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি “জুলাই অ’ভ্যু’ত্থানের পর গতকাল রাতে সবচেয়ে বেশি কাস্টমার ছিলো – ফেসবুক পোস্টে তাসনিম জারা” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা আলোচিত মন্তব্যটি করেননি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘bangladesh9514’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। উক্ত ‘bangladesh9514’ নামের এই ব্লগস্পটের সাইটে প্রবেশের চেষ্টা করা হলে বারবার তা ব্যর্থ হয়।

কথিত এই সংবাদে দাবি করা হয়, স্বাস্থ্যসেবা বিষয়ক কন্টেন্ট নির্মাতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এক ফেসবুক পোস্টে “জুলাই অ’ভ্যু’ত্থানের পর গতকাল রাতে সবচেয়ে বেশি কাস্টমার ছিলো” শীর্ষক মন্তব্য করেছেন। তবে তাসনিম জারার ফেসবুক উক্ত দাবি সম্বলিত কোনো পোস্ট পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত দাবির বিষয়ে দেশিয় মূলধারার কোনো সংবাদমাধ্যম অথবা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির স্বপক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।

পাশাপাশি, আলোচিত দাবিটি প্রচারকারী হিসেবে ‘News Bangla’ নামক ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণে দেখা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারিতে ‘Abid Official’ নামে এটি চালু করা হয় এবং পরবর্তীতে গত ০১ মে নাম পরিবর্তন করে ‘News Bangla’ রাখা হয়। 

প্রসঙ্গত, গত ২৩ মে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে। এটা দোষারোপের মুহূর্ত নয়। এটা ভাবার মুহূর্ত। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দেওয়া জাতির আশাকে বিপন্ন করতে দিতে পারি না। ইতিহাস আমাদের শেখায় যে, যারা পরিবর্তনে ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের ওপর নির্ভর করে। আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছেন। আর তাদের কাছেই আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী। এই পরিস্থিতি ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, আর বিভাজনের দিকে নয়।’ (অনূদিত)

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে

রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লগস্পটের ফ্রি ডোমেইন

সুতরাং, জুলাই অভ্যুত্থানের পর গতকাল রাতে সবচেয়ে বেশি কাস্টমার ছিল বলে ডা. তাসনিম জারাকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: