উপদেষ্টার বাসা থেকে সেনা অভিযানে বিপুল অর্থ উদ্ধারের দাবিটি ভুয়া

গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের শাসনকাল। একই সাথে শেষ হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্বও। এরপরই সেনা অভিযানে কথিত এক উপদেষ্টার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সেনাবাহিনীর অভিযানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে যৌথবাহিনীর অভিযানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাসা থেকে অর্থ উদ্ধারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে সেনা অভিযানে কোনো উপদেষ্টার বাসা থেকে অর্থ উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ নভেম্বর যৌথবাহিনীর অভিযানে সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলে আটক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উভয় ভিডিও একই ঘটনার। ভিডিও দুটিতে একই ব্যক্তিদের আটক করতে দেখা যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলে। এসময় তাদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে বলেও জানা যায়।

একই ঘটনায় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তরা ১১ সেক্টরে অবস্থিত সাবেক এই অতিরিক্ত সচিবের বাসায় অভিযান চালিয়ে সে সময় ১ কোটি ২০ লাখ টাকাসহ বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি জব্দ করা হয়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে কোনো উপদেষ্টার বাসায় সেনা অভিযান পরিচালনার ঘটনার নয়।

সুতরাং, সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাসায় অভিযান চালিয়ে অর্থ উদ্ধারের ভিডিওকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বাসা থেকে অর্থ উদ্ধারের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: