দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বাজারে চলছে ব্যাপক নৈরাজ্য। সিলিন্ডারের দাম বৃদ্ধি করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। সংকট দেখিয়ে ১৩০০ টাকার সিলিন্ডার ২০০০ টাকাতে বিক্রির অভিযোগও মেলে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ‘বাসা-বাড়িতে গ্যাস যেহেতু নেই, রান্না না করে রোজা রাখুন’ শীর্ষক মন্তব্য করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ‘বাসা-বাড়িতে গ্যাস যেহেতু নেই, রান্না না করে রোজা রাখুন’ শীর্ষক মন্তব্য করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সার্কাজম পেজ ‘গরম টিভি’ থেকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নামে প্রচারিত ভুয়া ফটোকার্ডকে তার আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে সার্কাজম পেজ ‘গরম টিভি’র ফেসবুক পেজে গত ৯ জানুয়ারি উক্ত ফটোকার্ডটি প্রথম প্রচার করতে দেখা যায়। যা পরবর্তী বাস্তব দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আলোচিত মন্তব্যটি করার সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সূত্র ধরে অনুসন্ধানে জ্বালানি উপদেষ্টার সেদিনের সংবাদ সম্মেলনের ভিডিও খুঁজে পাওয়া যায়। সেদিন তাকে ব্যবসায়ীদের কারসাজির মাধ্যে এলপিজির দাম বৃদ্ধি করার বিষয়ে অভিযোগ করতে শোনা গেলেও আলোচিত মন্তব্যটি করতে শোনা যায়নি।
এছাড়াও তার নামে প্রচারিত দাবিটি ভুয়া জানিয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেন। তিনি পোস্টে জানান, “আমি কখনোই এ কথা বলিনি। এবং গ্যাস সমস্যার সমাধানের জন্য যা কিছু করা সম্ভব তা করছি।” পোস্টটিতে তার নামে প্রচারিত সার্কাজম পেজ ‘গরম টিভি’র আলোচিত ফটোকার্ডটিও যুক্ত করে দিতে দেখা যায়।
সুতরাং, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ‘বাসা-বাড়িতে গ্যাস যেহেতু নেই, রান্না না করে রোজা রাখুন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Desh TV News Youtube Channel: কারসাজির মাধ্যমে এলপিজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা
- Muhammad Fouzul Kabir Khan Facebook Post
- Rumor Scanner’s Analysis


