জুমাকে ‘বস্তির মেয়ে’ বলেননি আফরোজা আব্বাস, ভুয়া আইডির পোস্ট ভাইরাল

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। ঘটনার পর সেদিন বিকেলেই তাকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। সেখানে গিয়ে তিনি হাদির সমর্থকদের তোপের মুখে পড়েন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইনকিলাব মঞ্চের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে মির্জা আব্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এদিকে, গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সে সময় সেখানে জুমাও উপস্থিত ছিলেন।
এই ঘটনার ছবি ব্যবহার করে ‘Afroza Abbas’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে জুমাকে ‘বস্তির মেয়ে’ বলে সম্বোধন করে একটি পোস্ট করা হয়। পরবর্তীতে ওই পোস্টের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জুমাকে ‘বস্তির মেয়ে’ বলে সম্বোধন করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফরোজা আব্বাস ফাতিমা তাসনিম জুমাকে ‘বস্তির মেয়ে’ বলেননি। প্রকৃতপক্ষে, তার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক প্রোফাইলের পোস্টকে কেন্দ্র করে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, গতকাল (১৩ নভেম্বর) সকাল ১০টা ৪৩ মিনিটে ‘Afroza Abbas’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি পোস্টের সূত্রে এই দাবি ছড়ায়। ওই পোস্টেই ফাতিমা তাসনিম জুমাকে ‘বস্তির মেয়ে’ বলে সম্বোধন করা হয়।
ফেসবুকের ট্রান্সপারেন্সি সেকশনের তথ্য অনুযায়ী, এই প্রোফাইলটি গত বছরের ১৩ ডিসেম্বর খোলা হয়। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এটি আফরোজা আব্বাসের অ্যাকাউন্ট হওয়ার পক্ষে কোনো প্রমাণ মেলেনি। প্রোফাইলটি পর্যবেক্ষণ করে একাধিক সন্দেহজনক পোস্ট (১,২) পাওয়া গেছে, যা আফরোজা আব্বাসের অফিসিয়াল অ্যাকাউন্টে থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়া, কোনো বিশ্বস্ত সূত্র বা গণমাধ্যমে জুমা সংক্রান্ত আফরোজা আব্বাসের এ ধরনের মন্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত ফেসবুক অ্যাকাউন্টটি আফরোজা আব্বাসের আসল অ্যাকাউন্ট নয়।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম আলোচিত প্রোফাইলটি সম্পর্কে এক ফেসবুক পোস্টে বলেন, আফরোজা আব্বাস কোনো পাবলিক ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না। তার একটি প্রাইভেট অ্যাকাউন্ট রয়েছে, যা সঙ্গত কারণেই প্রকাশ বা মেনশন করেননি তিনি।
সুতরাং, আফরোজা আব্বাস ফাতিমা তাসনিম জুমাকে ‘বস্তির মেয়ে’ বলেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from BNP Media Cell
- Mansura Alam: Facebook Post
- Rumor Scanner’s analysis.

