‘আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে কোনো দলেরই বেল থাকবে না’ বলে প্রেস সচিব শফিকুল আলম কোনো মন্তব্য করেননি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম “আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে কোনো দলেরই বেল থাকবে না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে ডিবিসি নিউজও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, শফিকুল আলমের ভিন্ন মন্তব্য সংবলিত ডিবিসি নিউজের প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডিবিসি নিউজের নাম ও লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৫ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ডিবিসি’র ফেসবুক পেজে গত ১৫ নভেম্বরে “আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল, মাঠে তাদের শক্তি খুব কম” শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ডিবিসি’র মূল ফটোকার্ডটিতে ‘আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল, মাঠে তাদের শক্তি খুব কম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে কোনো দলেরই বেল থাকবে না’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

তাছাড়া, ডিবিসি নিউজ গত ১৫ নভেম্বরে এক ফেসবুক পোস্টের মাধ্যমেও জানিয়েছে যে, আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি ভুয়া।

সুতরাং, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে কোনো দলেরই বেল থাকবে না’ শির্ষক মন্তব্য করেছেন দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: