বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ পেছানোর আন্দোলনের ভিডিওকে সরকারবিরোধী আন্দোলন দাবিতে প্রচার 

সম্প্রতি, “ইউনুস তুই স্বৈরাচার… এই মুহূর্তে গদিছাড়” শীর্ষক স্লোগানে গত ২৩ নভেম্বরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবি সংক্রান্ত বিক্ষোভ মিছিলের ভিডিও নয়। প্রকৃতপক্ষে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে “ইউনুস তুই স্বৈরাচার… এই মুহূর্তে গদিছাড়” শীর্ষক কোনো স্লোগান শুনতে পাওয়া যায়নি। তবে, “পিএসসি তুই স্বৈরাচার… এই মুহূর্তে গদিছাড়” শীর্ষক স্লোগান দিতে শোনা গেছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক ঢাকা পোস্টের ফেসবুক পেজে গত ২৩ নভেম্বরে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৬ মিনিট ৫১ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার দৃশ্য।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত বিষয়ে জাগো নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবিরণী থেকে জানা যায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে নতুন প্রার্থীদের প্রস্তুতির স্বল্পতাকে কেন্দ্র করে আন্দোলন চলছে। তবে পিএসসি বলছে, পরীক্ষার রোডম্যাপ পূর্বঘোষিত, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন সময় পরিবর্তনের সুযোগ নেই।

অর্থাৎ, এটি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি সংক্রান্ত কোনো বিক্ষোভ মিছিলের ভিডিও নয়।

সুতরাং, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিসিএস শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে রাজধানীর শাহবাগে বর্তমান অন্তবর্তীকালীন সরকারবিরোধী মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: