সেনাপ্রধানের নির্দেশে ড. ইউনূসের বাসভবন ঘেরাও দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৈন্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনা সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের জুলাই মাসে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেনা প্রধানের পরিদর্শনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার ক্করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে অনলাইন সংবাদমাধ্যম ‘BD24Live’ এর লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘BD24Live’ এর ফেসবুক পেজে গত ২১ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ২৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এটি এই ঘটনারই দৃশ্য।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সে সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে আলোচিত দাবি সমর্থিত কোনো খবর দেশিয়, আন্তর্জাতিক কিংবা কোনো বিশ্বস্ত মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।


সুতরাং, সেনা সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: