“অসুস্থতার কারণে ইলেকশনের আগে দেশের বাইরে থাকব” বলে আসিফ মাহমুদ কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “অসুস্থতার কারণে ইলেকশনের আগে দেশের বাইরে থাকব” বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘অসুস্থতার কারণে ইলেকশনের আগে দেশের বাইরে থাকব’ বলে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের আদলে পরিচালিত ‘GojobVision’ নামে এক স্যাটায়ার পেজ থেকে আসিফ মাহমুদের নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির বামপাশে উপস্থিত গণমাধ্যমের লোগোটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হলেও ডানপাশে উপরের কোণে ‘gojobvision’ শীর্ষক লেখা রয়েছে। এছাড়াও, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩৬ জুলাই, ২০২৫ ‍উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি গত ২৯ ডিসেম্বর রাত ৮ টা ৩২ মিনিটে প্রথম বাংলাভিশনের আদলে পরিচালিত স্যাটায়ার পেজ গজবভিশনে প্রচার করা হয়। মূলত, গজবভিশনের ফটোকার্ডটির লোগো ইমোজি দিয়ে ঢেকে আসিফ মাহমুদের বাস্তব মন্তব্য দাবিতে ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে মূল গণমাধ্যম বাংলাভিশনে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। এমনকি, অন্যকোনো গণমাধ্যমেও আসিফ মাহমুদের এমন মন্তব্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কিন্তু উভয় পোস্টের মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, অনেকেই আসিফ মাহমুদের নামে প্রচারিত এই মন্তব্যটি বাস্তব ভেবে বিভ্রান্ত হয়েছেন।

সুতরাং, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “অসুস্থতার কারণে ইলেকশনের আগে দেশের বাইরে থাকব” বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: