আ.লীগের শাটডাউন সমর্থনে মশাল মিছিল দাবিতে ছাত্রশক্তির মিছিলের ভিডিও প্রচার

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়কে প্রত্যাখ্যান করে ১৮ নভেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেয় ‘কার্যক্রম নিষিদ্ধ’ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক রায় ঘোষণার পর এক ভিডিও বার্তার মাধ্যমে উক্ত কর্মসূচির ডাক দেন। এর প্রেক্ষিতে সেদিন রাতেই আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মশাল মিছিল হয়েছে দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি মশাল মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭৫ হাজার ৪০০ বার। ভিডিওটিতে ২ হাজার ৯০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়াও ভিডিওটি প্রায় ২৬০ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার রায়ের প্রেক্ষিতে ডাকা আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে গত ১৭ নভেম্বর মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ১৬ নভেম্বর জাতীয় ছাত্রশক্তি আয়োজিত মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে মশাল মিছিলের ব্যানারে ‘জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল’ শীর্ষক লেখা দেখা যায়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে একই মশাল মিছিলের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় ভিডিও পর্যালোচনা করে ভিডিওগুলোতে দেখতে পাওয়া মশাল মিছিলের ব্যানার এবং মিছিলের সামনের সারিতে দেখতে পাওয়া নারীদের মধ্যে হুবহু মিল লক্ষ্য করা যায়।

এছাড়াও ভিডিওর শিরোনাম এবং মশাল মিছিলের ব্যানার থেকে জানা যায়, ভিডিওটি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত মশাল মিছিলের ভিডিও। ব্যানার থেকে আরও জানা যায়, মিছিলটি গত ১৬ নভেম্বর শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হয়।

পাশাপাশি অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ছাত্রশক্তির মশাল মিছিলে নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে সামনে রেখে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে ১৭ নভেম্বর মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: