বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর চবির হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন না

কর্মকর্তাদের বিক্ষোভের প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি অপসারণ করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাঝেই আইএমএফের অবসরপ্রাপ্ত উচ্চ পদস্ত এই কর্মকর্তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাকে অপসারণ করে সেদিনই পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়তে দেখা যায়, প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয় বাংলাদেশ ব্যাংকের নব নিযুক্ত এই গভর্নর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের নব নিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন না। প্রকৃতপক্ষে, মো. মোস্তাকুর রহমান কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেননি। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত এই দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনা Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ নামের পেজটি থেকে করা পোস্টের মন্তব্যের ঘরে একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক শাহেদ বিন সাদেক তার করা এক মন্তব্যে দাবি করেন, এই নামে বিভাগে কোনো শিক্ষক নেই।

পরবর্তীতে গভর্নর মো. মোস্তাকুর রহমানের লিংকডইন প্রোফাইল পর্যালোচনা করেও তার কর্মক্ষেত্র সম্পর্কে এমন তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করার বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও তার নাম পাওয়া যায়নি।

দাবিটির বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, দাবিটি সম্পূর্ণ ভুয়া। তিনি কখনো এই বিভাগের শিক্ষক ছিলেন না। এমনকি বিভাগে এই নামেও কোনো শিক্ষক নেই।

সুতরাং, বাংলাদেশ ব্যাংকের নব-নিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: