সম্প্রতি, বাংলাদেশ সরকার হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার ছুটি বাতিল করেছে- শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন– এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবি ভারতীয় গণমাধ্যমেও এসেছে। দেখুন– লোকশাহী মারাঠি, লোকমাত।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন– এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন– এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিটি ভারতের ধর্মীয় ভিত্তিক একাধিক সংস্থার ওয়েবসাইট থেকেও প্রচার করা হয়েছে। দেখুন– সনাতন প্রভাত, হিন্দু জনজারতী সমিতি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার ছুটি বাতিলের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট পূজার দিনগুলো সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সেগুলো আলাদাভাবে ছুটি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ বছর হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার ছুটি বাতিল করার কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, গত বছরের ১২ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মিটিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ছুটি বাতিল ঘোষণার সিদ্ধান্ত হয়৷
পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এ বছরের শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপনটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। প্রজ্ঞাপনটি বিশ্লেষণ করে দেখা যায়, ১৭ জানুয়ারি (শনিবার) শবে মেরাজ, ২৩ জানুয়ারি (শুক্রবার) শ্রী শ্রী সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শনিবার) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১ মে (শুক্রবার) মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা (মহররম), ৪ সেপ্টেম্বর (শুক্রবার) শুভ জন্মাষ্টমী, ২৬ সেপ্টেম্বর (শনিবার) মধু পূর্ণিমা এবং ১০ অক্টোবর (শুক্রবার) শুভ মহালয়া—এই দিবসগুলোর বিপরীতে ছুটির দিন সংখ্যা ‘শূন্য’ উল্লেখ রয়েছে।

অর্থাৎ, যেসব সরকারি ছুটি সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার)-এর সঙ্গে মিলেছে, সেগুলো নতুন করে অতিরিক্ত ছুটি হিসেবে গণনা করা হয়নি।
এছাড়া, গত বছরের (২০২৫ সাল) সরকারি ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণ করেও একই চিত্র দেখা যায়। সেখানে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) শবে বরাত, ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১২ এপ্রিল (শনিবার) বৈসাবি, ১৬ আগস্ট (শনিবার) শুভ জন্মাষ্টমী এবং ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলাদাভাবে নতুন ছুটি গণনা করা হয়নি।

এমনকি ২০২৪ সালের ছুটির তালিকাও পর্যালোচনা করে দেখা যায়, শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের দিনে কোনো সরকারি ছুটি পড়লে সেটি অতিরিক্ত বন্ধের দিন হিসেবে গণ্য করা হয় না।
পরিশেষে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘ছুটি বাতিলের দাবিটি মিথ্যা। ছুটি বাতিল হয়নি। মূলত, উক্ত পূজার ছুটিগুলো সাপ্তাহিক বন্ধের দিন পড়েছে। তাই সেটি গণনা হয় না। পূর্বেও এমনটাই হয়েছে।’
সুতরাং, বাংলাদেশ সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার ছুটি বাতিল করেছে শীর্ষক দাবি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo- জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের ছুটি বাতিল
- BSS- ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল
- 2026 Holiday Govt. Notice
- 2025 Holiday Govt. Notice
- 2024 Holiday Govt. Notice
- Secondary and Higher Education Division Deputy Secretary- Statement


