বাংলাদেশ যুদ্ধবিমান নিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে।
এরই প্রেক্ষাপটে যুদ্ধবিমান নিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ১২ লক্ষবার দেখা হয়েছে এবং এতে প্রায় ১ লক্ষ চার হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বাংলাদেশ যুদ্ধবিমান নিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ক্যালিফোর্নিয়া এয়ার ন্যাশনাল গার্ডের অনুশীলন বিমানের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Skyes9’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৯ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ৩৯ সেকেন্ড থেকে ২ মিনিট ১২ সেকেন্ড সময়ের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন এবং বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে ক্যালিফোর্নিয়ার মার্চ এয়ার রিভার্স বেইসে মহড়া শেষে ফেরত আসা F-16 (যুদ্ধবিমান) পাইলটদের অনুশীলনের দৃশ্য দেখানো হয়েছে।
এছাড়া, ছবি ও ভিডিও সংরক্ষণকারী ওয়েবসাইট ফ্লিকারে ও একই ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির বিবরণী থেকে জানা যায়, এটি ২০১৬ সালের ৭ ডিসেম্বরে ধারণ করা এবং একই সালের ৯ ডিসেম্বরে এটি প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত যুদ্ধ বিমানটিতে (F-16) ‘70 Years’ এবং ‘South Dakota ANG’ শীর্ষক নামের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এটি বোঝায়, সাউথ ডাকোটা এয়ার ন্যাশনাল গার্ডের একটি বিশেষভাবে রং করা বা চিহ্নিত বিমান, যা সংস্থাটির ৭০ বছর পূর্তি উদযাপনের জন্য ব্যবহার করা হয়।
অর্থাৎ, এটি বাংলাদেশের কোনো যুদ্ধবিমান নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ক্যালিফোর্নিয়া এয়ার ন্যাশনাল গার্ডের অনুশীলন বিমানের পুরোনো একটি মহড়ার ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বাংলাদেশ যুদ্ধবিমান নিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Skyes9: F-16 Low Approach – South Dakota ANG
- Flickr: Rafael Le
- Rumor Scanner’s Analysis

