কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থকেরা বাংলাদেশি পর্যটককে পিটিয়ে মেরে ফেলেছে শীর্ষক দাবিটি মিথ্যা

প্রায় দুই বছর পর ভারত গত ২৮ জুন বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ করা শুরু করেছে।
এরই প্রেক্ষিতে, কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থকেরা কলকাতায় বাংলাদেশি মুসলিম পর্যটককে পিটিয়ে মেরে ফেলেছে এবং নিহত ব্যক্তি গোপালগঞ্জের যুবলীগের ওয়ার্ড সভাপতি কাশের হায়দারের মেঝো ছেলে ইয়াছিন মোল্লা। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা ভ্রমণে সতর্ক করেছে দূতাবাস- শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থকেরা কলকাতায় বাংলাদেশি মুসলিম পর্যটককে পিটিয়ে মেরে ফেলার দাবিটি সঠিক নয় এবং দূতাবাস কলকাতা ভ্রমণে সতর্ক করার দাবিটিও সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেট প্রচার করা হয়েছে।
প্রায় দুইবছর পর ভারত বাংলাদেশিদের টুরিস্ট ভিসা চালু করেছে গত ২৮ জুন। এরই মধ্যে, আলোচিত যে দাবিটি করা হয়েছে সেরূপ কোনো ঘটনা ঘটলে তা ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে ভারত কিংবা বাংলাদেশের গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, দূতাবাস থেকে কলকাতা ভ্রমণে সতর্ক করা হলে সেটিও গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, এটির সপক্ষেও কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই ওয়েবসাইটেও এসংক্রান্ত কোনো সতর্ক বার্তা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কলকাতায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী ও ফ্যাক্ট চেকারের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
ভারতীয় ফ্যাক্ট চেকিং সংস্থা আজতকের ফ্যাক্ট চেকার ঋদ্ধীশ দত্ত বলেন, আলোচিত দাবিটি মিথ্যা। সম্প্রতি, বা অতি সম্প্রতি, কলকাতা শহরে কোনো বাংলাদেশি নাগরিক না পর্যটককে পিটিয়ে খুন, বা মারধরেরও কোনও ঘটনা ঘটেনি। কলকাতা শহরে পিটিয়ে খুন করার শেষ অভিযোগ চলতি বছর এপ্রিল মাসে উঠেছিল। মৃতের নাম ছিল তারকনাথ সামন্ত, বর্ধমান জেলার বাসিন্দা। কলকাতার বুকে কোনো বিদেশি, বিশেষত বাংলাদেশি নাগরিকের হেনস্তা হলেও সেই তথ্য বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে সংবাদ মাধ্যমকে জানানো হতো। এমন কোনও তথ্যও সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। ফলে নিশ্চিতভাবে বলা যায়- দাবিটি ভুয়া। বছরের শুরুতেও একই ধরনের ভুয়া দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছিল।
আনন্দবাজার পত্রিকার কলকাতার প্রতিনিধি সৌরভ পাল বলেন, ‘যে দাবিটি প্রচার করা হচ্ছে সেটি সত্য হলে তা গণমাধ্যমে সংবাদ হতো। আমাদের কাছে এমন তথ্যই নেই। এছাড়া, দূতাবাস থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হলেও সংবাদ হতো। কিন্তু, এটির পক্ষেও কোনো তথ্য নেই। তাই বলা যায়– প্রচারিত দাবিটি আসলে গুজব।’
সুতরাং, কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থকেরা কলকাতায় বাংলাদেশি মুসলিম পর্যটক ইয়াছিন মোল্লাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা ভ্রমণে সতর্ক করেছে দূতাবাস- শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh High Commission New Delhi- Facebook Page, Website
- Bangladesh Deputy High Commission Kolkata- Website
- Indian Fact Checker Statement
- Kolkata Journalist Statement

