ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভের ভিডিওকে আ. লীগের লকডাউন সমর্থনে অবরোধের দাবিতে প্রচার

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ঐদিন, “ভাঙ্গা পদ্মা সেতু ফরিদপুর সহ বিভিন্ন জায়গা অবরোধ করেছে সাধারণ জনগণ, দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার সকল যোগাযোগ বন্ধ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে গণমাধ্যমে প্রচারিত খবর দেখুন: একুশে সংবাদ (ইউটিউব)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লকডাউন সমর্থনে কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Hamim Hosen Shishir’ নামক ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

৪১ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির অডিও বাদে বাকি দৃশ্যের মিল রয়েছে। তবে, ভিডিওটির ক্যাপশনে এটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করা না হলেও এটি প্রকাশের তারিখ থেকে নিশ্চিত হওয়া যায় যে, এটি আওয়ামী লীগের সাম্প্রতিক ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে কোনো বিক্ষোভের দৃশ্য নয়।
পরবর্তীতে, উক্ত বিক্ষোভের বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভি’র ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ চলতি বছরের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভাঙ্গায় ফরিদপুর-৪ থেকে দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার গেজেটের প্রতিবাদে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিলো এলাকাবাসী। সবশেষে গত ১৫ সেপেটেম্বর প্রশাসনের পক্ষ থেকে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এবং এর পরবর্তীতে আন্দোলনকারীরা সড়কের পাশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
অর্থাৎ, উক্ত বিক্ষোভের ভিডিওর অডিও অংশ সম্পাদনার মাধ্যমে প্রচারিত ভিডিওটি বানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরে ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের সমর্থকরা।
সুতরাং, ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভের ভিডিওকে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সাধারণ জনগণ ভাঙ্গা পদ্মা সেতু ফরিদপুরসহ বিভিন্ন জায়গা অবরোধ করেছে দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hamim Hosen Shishir: Facebook Video
- Ekattor Tv: Website News
- Prothom Alo: Website News

