চাঁদা না দেওয়ায় সিলেটে বিএনপি নেতাকর্মীর সিএনজি চালককে কুপিয়ে আহতের দাবিটি মিথ্যা

গত ৮ মার্চ সিলেটের টিলাগড় এলাকায় চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা একজন সিএনজি চালককে কুপিয়ে আহত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টটিতে একজন সিএনজি চালককে রক্তাক্ত অবস্থায় সিএনজিতে বসে থাকতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত একই ছবিটি দেখুন এখানে (আর্কাইভ)।

একই ছবিটি বিএনপির বিগত শাসনামলকে (২০০১-২০০৬ সাল) নির্দেশ করে চাঁদা না দেওয়ায় সিএনজি চালককে ছুড়িকাঘাত করার দাবিতেও ফেসবুকে প্রচারিত হতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এছাড়া ছবিটির সঙ্গে চাঁদাবাজির ঘটনা বা বিএনপির কোনো সংশ্লিষ্টতাও নেই। প্রকৃতপক্ষে, ছবিতে দেখা ব্যক্তির সিএনজির ব্যাটারি চুরির অভিযোগে অভিযুক্ত নাহিদ নামের এক যুবক সালিসে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে ওই সিএনজি চালকের ওপর হামলা চালায়। হামলায় আহত সিএনজি চালকের সেই ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে সিলেটে চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সিএনজি চালককে ছুরিকাঘাত করার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ছবিটির বিষয়ে অনসুন্ধানে Tultikor নামের একটি পেজে ২০২৫ সালের ২৫ আগস্ট একই ছবিটি প্রচারিত হতে দেখা যায়। পোস্টটির শিরোনামে উল্লেখ করা হয়, গতবছরের ২৪ আগস্ট সিলেটের সোনাপুর রাস্তার মোড় তথা কুশিঘাট পানি ট্যাংক এলাকায় ওই সিএনজি চালকের ওপর হামলা হয়। আহত সিএনজি চালকের নাম শওকত আহমেদ। তিনি টুলটিকর ইউনিয়নের ‍ফুলবাগ গ্রামের বাসিন্দা।

শওকত আহমেদের ওপর হামলাকারীদের মধ্যে নাহিদ নামের এক ব্যক্তি উল্লেখযোগ্য বলে পোস্টটিতে দাবি করা হয়। পোস্টটিতে আহতের বরাতে বলা হয়, হামলার কয়েকদিন আগে তার সিএনজির ব্যাটারি চুরির অভিযোগে শরীফ নামের একজন ধরা পড়েন। আটক ওই ব্যক্তি তার সঙ্গী হিসেবে হামলাকারী নাহিদের নাম উল্লেখ করেন। সেসময় টুলটিকর পঞ্চায়েত কমিটি ও সন্ধি সমাজ কল্যাণ সমিতি নামের একটি এনজিওর সদস্যদের মাধ্যমে সালিসে বিষয়টি মিমাংসা হয়। সেঘটনার প্রতিশোধ নিতে নাহিদ, তার স্ত্রীসহ বেশ কয়েকজন মিলে শওকতের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন বলে পোস্টটি থেকে জানা যায়।

পরবর্তীতে সন্ধি সমাজ কল্যাণ সমিতির ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে উক্ত হামলা ঘটনায় প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, আহত শওকত চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সেদিন বাদ এশা একটি সভার আহ্বানও করতে দেখা যায় পোস্টটিতে।

অনুসন্ধানে পরবর্তীতে উক্ত ঘটনায় সিলেটের স্থানীয় গণমাধ্যম Sylhet Plus-এর ফেসবুক পেজে একই বছরের ২৪ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, আলোচিত ছবিটির সাথে বিএনপি কিংবা চাঁদাবাজির কোনো ঘটনার সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, প্রতিহিংসার বশবর্তী হয়ে হামলার ঘটনার ছবিকে সিলেটের টিলাগড় এলাকায় চাঁদা না দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সিএনজি চালককে ছুড়িকাঘাতের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Tultikor Facebook Post
  • সন্ধি সমাজ কল্যাণ সমিতি Facebook Post
  • Sylhet Plus Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: