টাঙ্গাইলে পারিবারিক বিবাদের ভিডিও সাতক্ষীরায় হিন্দু মেয়েদের ওপর বিএনপি-জামায়াতের নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “সাতক্ষীরার শ্যমনগরে হিন্দু মেয়েদের উপর বিএনপি জামায়াতের হামলা ও ধর্ষণের চেষ্টা! পরে পুলিশ এসে সবাইকে উদ্ধার করে কিন্তু কাউকেই গ্রেপ্তার করেনি। বতর্মান মেয়েদের উপর পাকিস্তানের কায়দায় নির্যাতন চলছে! নিরব সরকার,,নিরব প্রশাসন,, মিডিয়া নিরব” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরার শ্যমনগরে হিন্দু মেয়েদের উপর বিএনপি-জামায়াত নির্যাতন করছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পারিবারিক বিবাদে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মেয়ের জামাই আকাশের বাড়িতে শ্বশুর বিশা মিয়া ও তার সহযোগীদের হামলার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে ‘দৈনিক সকালের বার্তা ২৪’ শীর্ষক এক স্থানীয় সংবাদমাধ্যমের নাম ও লোগো’র অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে গত ১৩ ডিসেম্বরে উক্ত পেজে প্রকাশিত হুবহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

২০ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ডিসেম্বরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে মেয়ের জামাই আকাশের বাড়িতে শ্বশুর বিশা মিয়া ও তার সহযোগীরা হামলা চালায়। এতে আকাশসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র জব্দ করে।
পাশাপাশি, আলোচিত বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ‘Alamgir Hossain’ এর ফেসবুক অ্যাকাউন্টে একই তারিখে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। এই ভিডিওটির ক্যাপশনেও এটিকে পারিবারিক বিষয় নিয়ে সৃষ্ট ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, আলোচিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সাংবাদিক আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। প্রত্যুত্তরে তিনি জানান, “এটা টাঙ্গাইল বাসাইল উপজেলার কোন একটি পারিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ার জন্য এমনটা হয়েছে।” পাশাপাশি, যারা বিষয়টিকে সাম্প্রদায়িক কোন্দল দাবিতে প্রচার করছে তারা গুজব তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
অর্থাৎ, এটি সাতক্ষীরার শ্যামনগরে সংঘটিত কোনো ঘটনা নয় এবং এটি সাম্প্রদায়িক কোনো ঘটনারও ভিডিও নয় তা নিশ্চিতভাবে বলা যায়।
সুতরাং, টাঙ্গাইলের পারিবারিক বিবাদের একটি ভিডিওকে সাতক্ষীরায় হিন্দু মেয়েদের ওপর বিএনপি-জামায়াতের নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক সকালের বার্তা ২৪: Facebook Video
- Alamgir Hossain: Facebook Video
- Statement from Alamgir Hossain
- Rumor Scanner’s Analysis

