মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার তারেক রহমানকে হেয় করে বক্তব্য প্রদানের দাবিটি মিথ্যা

গত ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর প্রেক্ষিতে সম্প্রতি, দলের মনোনয়ন না পাওয়ায় বিএনপির কথিত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হেয় করে বক্তব্য প্রদান করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পাওয়ায় বিএনপির কথিত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া নিজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হেয় করে বক্তব্য প্রদানের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তারেক রহমানকে জড়িয়ে আলোচিত বক্তব্য প্রদানকারীর নাম সাইদুল করিম মিন্টু। তিনি আলোচিত বক্তব্য প্রদানকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৩ সালে এক আলোচনা সভায় দেওয়া তার বক্তব্যের অংশ বিশেষকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে এতে ইলেকট্রনিক গণমাধ্যম নিউজ২৪-কে সার্কাজম করে তৈরিকৃত ফেসবুক পেজ নিউজ৪২০ এর লোগো দেখতে পায়। পরবর্তীতে নিউজ৪২০ নামের পেজটি পর্যালোচনা করে গত ৩ নভেম্বর প্রচারিত মূল ভিডিও পোস্টটি খুঁজে পাওয়া যায়।

তবে পোস্টটিতে বক্তব্য প্রদানকারীকে বিএনপির নেতা বলা হলেও উক্ত বক্তব্য প্রদানের পেছনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এছাড়াও বক্তব্য প্রদানকারীর নামও উল্লেখ করা হয়নি। অর্থাৎ, সার্কাজম পোস্টটি পরবর্তীতে আসল দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ঝিনাইদহের স্থানীয় গণমাধ্যম ঝিনেদা টিভি Jhenada Tv-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ এপ্রিল প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পর্যালোচনায় দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটির মিরর ইমেজ তৈরি করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, বক্তব্য প্রদানকারীর নাম সাইদুল করিম মিন্টু। এছাড়াও বক্তব্য প্রদানকারী ব্যক্তির পেছনের ব্যানারে ‘৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া মাহফিল’ লেখা দেখতে পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ঝিনাইদহের আরেক স্থানীয় গণমাধ্যম Bortoman Jhenaidah Tv-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ এপ্রিল প্রচারিত একই অনুষ্ঠান নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন শেখ জামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা সেচ্ছাসেবক লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও জানা যায়, আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া তারেক রহমানকে হেয় করে বক্তব্য প্রদানকারীর নাম সাইদুল করিম মিন্টু। তিনি তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়। পাশাপাশি দেখা যায়, তিনি উক্ত অনুষ্ঠানেই তারেক রহমানকে নিয়ে আলোচিত মন্তব্যগুলো করেন। পরবর্তীতে সেদিন তার বক্তব্য প্রদানের ভিন্ন আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও অনুসন্ধানে পরবর্তীতে সাইদুল করিম মিন্টুর ফেসবুক পেজে সেসময় প্রচারিত উক্ত অনুষ্ঠানের কয়েকটি ছবিও খুঁজে পাওয়া যায়।

তবে অনুসন্ধানে গোলাম কিবরিয়া নামে বিএনপির মনোনয়ন বঞ্চিত কথিত কোনো সংসদ সদস্য প্রার্থীর সন্ধান পাওয়া যায়নি।

সুতরাং, আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদানের পুরোনো ভিডিওকে মনোনয়ন না পাওয়ায় বিএনপির কথিত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়ার তারেক রহমানকে হেয় করে বক্তব্য প্রদানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: