খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের ‘সুখ পালন’ ক্যাপশনে পুরোনো ভিডিও প্রচার 

গত ৩০ ডিসেম্বর, সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এরইমধ্যে ‘খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় নেতা কর্মীদের সুখ পালন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের ‘সুখ পালন’ ক্যাপশনে প্রচারিত ভিডিওটি খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত ১৭ ডিসেম্বর সাভারে একটি ঘটনার ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Mim’s Vedio’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২০ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে এটিকে সাভার আশুলিয়ার বিএনপি মনোনীত দংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন বাবুর খাবার আয়োজনের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ফেসবুকে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Alamgir Prince’ নামক অ্যাকাউন্টে গত ১৭ ডিসেম্বরে প্রকাশিত একই ঘটনার বেশকিছু স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশনেও, এটিকে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন বাবুর আগমনে খাবারের আয়োজনের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ের ঘটনা নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, গত ১৭ ডিসেম্বরের পুরোনো ভিডিওকে খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় নেতা কর্মীদের ‘সুখ পালন’ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: