জামায়াতের নেত্রী আটক দাবিতে সাবেক ছাত্রদল নেত্রীর ছবি প্রচার

সম্প্রতি, ‘ছাত্রীসংস্থার সাবেক নেত্রী ও বর্তমান মহিলা জামায়াতে ইসলামের নেত্রী ইলোরা হাওলাদারকে শরিয়তপুর থেকে ২টা একে-২২ সেমি অটোমেটিক রাইফেল, গুলি ও অন্যান্য অস্ত্র সহ আটক করা হয়েছে।’ শীর্ষক দাবিতে একটি নারী ও একজন পুরুষের ছবি প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরীয়তপুরে গ্রেফতার হওয়া ইলোরা হাওলাদার ছাত্রীসংস্থা কিংবা জামায়াতের মহিলা বিভাগের নেত্রী নন বরং, তিনি শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া, উক্ত দাবির সাথে প্রচারিত আরেকটি ছবিতে থাকা ব্যক্তিকেও ওই একই অভিযানে গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, অনলাইন ভিত্তিক গণমাধ্যম এনপিবি নিউজের ওয়েবসাইটে গত ০৫ ফেব্রুয়ারি ‘শরীয়তপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার’ শিরোনামে ও একই দিনে চ্যানেল২৪ এর ওয়েবসাইটে ‘যৌথবাহিনীর অভিযানে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার’ শিরোনামে প্রকাশিত আলাদা দুইটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলোতে থাকা ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর মিল পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় পৌর এলাকায় শরীয়তপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত ইলোরা হাওলাদার এবং রাব্বি মোড়ল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ প্রতিবেদনগুলোতে ইলোরা হাওলাদারের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হলেও রাব্বি মোড়লের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।
এছাড়া, ইলোরা হাওলাদারের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, তার অ্যাকাউন্টের বায়োতে লিখা রয়েছে ‘সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর’ এবং ইলোরা হাওলাদার গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে প্রচারিত একটি ডিজিটাল ব্যানার পাওয়া যায়। সেটিতেও বিএনপির শীর্ষ নেতাদের ছবি ও দলটির প্রতীক এবং স্লোগান যুক্ত রয়েছে। যা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, ইলোরা হাওলাদার বিএনপির রাজনীতির সাথে জড়িত।

অর্থাৎ, ইলোরা হাওলাদার ছাত্রীসংস্থা কিংবা জামায়াতের রাজনীতির সাথে জড়িত নন।
সুতরাং, বিএনপির মহিলা দলের নেত্রী ইলোরা হাওলাদারকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রী দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NPB News- শরীয়তপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার
- Channel24- যৌথবাহিনীর অভিযানে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২, অস্ত্র উদ্ধার
- Elora Howlader- Facebook Account
- Md Saiful Ahmed- Facebook Post

