বিএনপি নেতা ইলিয়াস আলী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দাবিতে গুজব 

সম্প্রতি, বিএনপি নেতা ইলিয়াস আলী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

উক্ত পোস্টটি ৩ লাখ ৬১ হাজারের ওপরে ভিউ হয়েছে। এছাড়া, পোস্টটিতে প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১৬ হাজার ১০০, মন্তব্য করা হয়েছে ৪৩১ টি এবং পোস্টটি শেয়ার করা হয়েছে ১৮৯৩ বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতা ইলিয়াস আলী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ২০১২ সালের এপ্রিল মাসে গুম হওয়ার পর থেকে তার আর হদিশ পাওয়া যায়নি। এছাড়া, ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট-২ থেকে নির্বাচন করছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে গত ১৭ জানুয়ারি “ইলিয়াস আলীকে গুমের আগে ইফতেখারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে: তাহসিনা রুশদীর লুনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে আয়োজিত সভায় ইলিয়াস আলীর স্ত্রী বলেন, “২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর ঠিক ১৫ দিন আগে ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। ইফতেখারকে গুম করা হয় আসলে টেস্ট কেস হিসেবে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম।”

অর্থাৎ, ইলিয়াস আলীর স্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ইলিয়াস আলীর এখনো হদিশ পাওয়া যায়নি।

এছাড়া, উক্ত দাবিতে প্রচারটি ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও।

উল্লেখ্য, ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট-২। উক্ত আসনে মোট নয়জন মনোনয়ন তুলেছিলেন। যার মধ্যে বিএনপির হয়ে ইলিয়াস আলীর স্ত্রী ও স্বতন্ত্র হিসেবে ইলিয়াস আলীর ছেলে মো: আবরার ইলিয়াস মনোনয়ন তুলেছিলেন। পরবর্তীতে গত ০৩ জানুয়ারি মনোনয়ন পত্রে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আবদুস শহীদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

সুতরাং, বিএনপি নেতা ইলিয়াস আলী বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: