ধানমন্ডি ৩২ নম্বরে সংঘর্ষে সেনা সদস্যসহ ৪৭ জন নিহত হওয়ার দাবিটি মিথ্যা 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন গত ১৭ নভেম্বরে (সোমবার) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন। তবে সেগুলোকে বাড়িটির কাছে নিতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে “ধানমন্ডি ৩২-এ ভয়াবহ সংঘর্ষ: গোলাগুলিতে সেনাসদস্যসহ নিহত ৪৭” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২-এ সংঘর্ষে গোলাগুলিতে সেনাসদস্যসহ ৪৭ জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘bbcbangla76246.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে “ধানমন্ডি ৩২-এ ভয়াবহ সংঘর্ষ: গোলাগুলিতে সেনাসদস্যসহ নিহত ৪৭” শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশকাল হিসেবে ১৭ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

কথিত এই সংবাদে জাতীয় দৈনিক কালের কণ্ঠের একটি ফেসবুক লাইভের স্ক্রিনশট ফিচারে সংযুক্ত করে দাবি করা হয়, “ধানমন্ডি ৩২ এলাকায় বুলডোজার মিছিল ঘিরে উত্তেজনা ভয়াবহ রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সকাল থেকে টানটান উত্তেজনার পর শুরু হয় গোলাগুলি, যা দ্রুতই পুরো এলাকায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় ১২ জন সেনাসদস্যসহ মোট ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।”

উক্ত দাবির সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো পোস্ট কিংবা লাইভ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেলেও কেউ নিহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, ফ্রি ডোমেইনের ব্লগসাইটটিতে ‘bbcbangla’ শীর্ষক নামের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তবে, এই ফ্রি ডোমেইনের ব্লগস্পট সাইটের সঙ্গে বিবিসি বাংলার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, “ধানমন্ডি ৩২-এ ভয়াবহ সংঘর্ষ: গোলাগুলিতে সেনাসদস্যসহ নিহত ৪৭” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: