অসুস্থ খালেদা জিয়াকে দেখতে ড. ইউনূস হাসপাতালে দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন। তার অসুস্থতার খবরে দলীয় নেতা–কর্মী–সমর্থক ও গণমাধ্যমকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমান। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা প্রয়াত এ এফ হাসান আরিফকে দেখতে যাওয়ার পুরোনো ভিডিও সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘thb bangla’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ১২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ড. ইউনূস ওই সময়ে গুরুতর অসুস্থ অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং এটি এই ঘটনারই দৃশ্য।

এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ২০ ডিসেম্বর একই ঘটনায় ভিন্ন কোণ থেকে ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায় এবং ক্যাপশন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাসপাতালে যাওয়ার নয়। তাছাড়া, সম্প্রতি খালেদা জিয়াকে দেখতে ড. ইউনূস হাসপাতালে গিয়েছেন এমন কোনো খবরও পাওয়া যায়নি। তবে, ড. ইউনূস এক বিবৃতির মাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর নিকট তাঁর আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সুতরাং, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালে ছুটে এসেছেন দাবিতে ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক হাসান আরিফকে দেখতে যাওয়ার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: