ঢাবিতে ইউনূস বিরোধী সাম্প্রতিক আন্দোলন দাবিতে জুলাই আন্দোলনের ছবি প্রচার 

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নামতে শুরু করেছে দাবিতে দুইটি ছবিযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে, “ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর” শীর্ষক স্লোগান শুনতে পাওয়া যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে ড. ইউনূসের পদত্যাগ চেয়ে কোনো আন্দোলন করেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাই মাসে ঢাবিতে কোটা বিরোধী আন্দোলনের দৃশ্যে “ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর” শীর্ষক স্লোগান যুক্ত করে একটি ভিডিও তৈরি করে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশভিত্তিক ‘The Coalition for Human Rights & Democracy in Bangladesh’ নামক একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা Sabria Chowdhury Balland এর এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ২২ জুলাই প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশনে, এটিকে ২০২৪ সালের ২২ জুলাই রাত ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘ABP News’ এর ওয়েবসাইটে গত বছরের ২৫ জুলাইয়ে প্রকাশিত একই ছবি সংযুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে এক সপ্তাহের সংঘর্ষে প্রায় ২০০ জন নিহতের পর বাংলাদেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও শেখ হাসিনার ক্ষমতাধীন সরকার সেসময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কথা বললেও বিভিন্ন প্রতিবেদনে প্রায় ২,৭০০ জনকে গ্রেপ্তারের উল্লেখ পাওয়া যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরূপ কোনো আন্দোলন কিংবা বিক্ষোভের খবর দেশিয় কোনো সংবাদমাধ্যম অথবা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ, এটি ঢাবিতে সাম্প্রতিক কোনো বিক্ষোভের চিত্র নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের দৃশ্যকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পুর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: