শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নারীদের মিছিল দাবিতে ইডেন কলেজ ছাত্রলীগের পুরোনো ভিডিও প্রচার  

সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নারীদের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার একটি মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে আরজে দোলন (Rj Dolon) নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৫ আগস্টে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে, এটিকে ইডেন কলেজ ছাত্রলীগের মিছিল বলে উল্লেখ করা হয়। এছাড়া, ঐ মিছিলে ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়।

অর্থাৎ অন্তত তিন বছর আগ থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।

অনুসন্ধানে ভিডিওটি ধারণকাল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা না গেলেও প্রচারিত এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের একটি পুরোনো মিছিলের ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নারীদের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: