সম্প্রতি, “জরুরী অবস্থা জারি করলেন ইউনুস, মুখোমুখি ইউনূস ও সেনাপ্রধান” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশে জরুরি অবস্থা জারি হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার দুইটি আলাদা ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বক্তব্য দিতে দেখা যায়।
উক্ত ভিডিওর সূত্র অনুসন্ধানে ‘Bangladesh Television’ এর ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে প্রকাশিত সেনাপ্রধানের বক্তব্য সংবলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট সময়ের দীর্ঘ এই ভিডিওটি বিশ্লেষণে, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বক্তব্য দিতে দেখা যায়।

তবে, সেনা প্রধানের বক্তব্যে জরুরি অবস্থা জারি সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করতে দেখা যায়নি।
আলোচিত ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং টকশো সঞ্চালক ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের মধ্যকার কথোপকথনের একটি স্থিরচিত্র দেখতে পাওয়া যায়। পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ‘DW বাংলা টকশো’ চ্যানেলে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারিতে ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রায় ১ ঘন্টা সময়ের এই দীর্ঘ ভিডিওটি বিশ্লেষণেও দেশে জরুরি অবস্থা জারি সংক্রান্ত কোনো বিষয়ের প্রমাণ মেলেনি।
স্বাভাবিকভাবে দেশে জরুরি অবস্থা জারি কিংবা এরূপ কোনো ঘটনা ঘটলে তা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার দুইটি আলাদা ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Television: Youtube Video
- DW বাংলা টকশো: Youtube Video


