নির্বাচন বাতিলের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংর্ঘষের দাবিটি মিথ্যা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি নির্বাচন বাতিলে গোপালগঞ্জে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কিংবা সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গোপালগঞ্জে ২০২৪ সালের আগস্টে সেনাবাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সংঘাতের পুরোনো ভিডিও ও রূপগঞ্জের একটি ইউনিয়ন ছাত্রদলের মিছিলের ভিডিওর সাথে কয়েকটি অপ্রাসঙ্গিক ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এবিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে নির্বাচন বাতিলের দাবিতে গোপালগঞ্জে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল কিংবা সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের সাথে পুলিশের সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনার। আর এরপর ভিডিওতে দেখতে পাওয়া বিক্ষোভ মিছিলের ফুটেজটি মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের মিছিলের ভিডিও।

অর্থাৎ, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও এবং কয়েকটি অপ্রাসঙ্গিক ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, নির্বাচন বাতিলের দাবিতে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পুলিশের সাথে সংঘর্ষের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV Youtube Channel: গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলো আ.লীগের নেতাকর্মীরা | Gopalganj | Army Car Fire | Jamuna TV
- Mohammad Sojib Tiktok Post
- Rumor Scanner’s Analysis

