ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ ১৫ ডিসেম্বর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার এম্বুলেন্সটি উড্ডয়ন করে। এরই মধ্যে সিয়াম শাহরিয়ার নামক কথিত ডাক্তারের বরাতে ‘ওসমান হাদী আর বেঁচে নেই’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
অনুরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত দাবি দেখুন এখানে,এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি এখনো বেঁচে আছেন। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ওসমান হাদি’র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তার চিকিৎসার সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ঢামেকের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদের থেকে প্রাপ্ত তথ্যের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে, সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন এবং সিটি স্ক্যান রিপোর্টে তার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
এর আগে ১৪ ডিসেম্বর দুপুরে প্রথম আলো’র ওয়েবসাইটে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনেও হাদি’র অবস্থা অপরিবর্তিত বলে জানানো হয়। পাশাপাশি, পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে বলেও জানানো হয়।
গণমাধ্যম সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আজ দুপুর ১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
তাছাড়া, ওসমান হাদি মারা গেছেন দাবিতে প্রচারিত একটি পোস্টে ‘protibadnews76.blogspot.com’ নামক ব্লগস্পটের লিংক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই মূলত ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।


