ঢাবিতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানের ভিডিওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রচার

গত ০৭ জানুয়ারি দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে, জকসুতে শিবিরের ভূমিধ্বস জয়ে ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নারায়ে তাকবীর’ স্লোগান দেওয়ার ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১০ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগ্লান দেওয়ার ভিডিওকে জবি’র দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বরে এনপিবি নিউজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে আলোচিত বিষয়ে আরো অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১০ সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশাল জয় পায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। এরই প্রেক্ষিতে অর্থাৎ ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ বলে স্লোগ্লান দেয়। এটি মূলত এই ঘটনারই ভিডিও।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, গত বছরের সেপ্টেম্বর মাসে ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে ঢাবি’র সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগ্লান দেওয়ার ভিডিওকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

