বিএনপি কর্তৃক যুবলীগ নেতা খুনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয় ঢাকায় এক যুবলীগ নেতার বাড়িতে ঢুকে প্রকাশ্যে বিএনপি সন্ত্রাসীরা তাকে খুন করেছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে নিহত ব্যক্তি কোনো যুবলীগ নেতা নন এবং ঘটনাটিও সাম্প্রতিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী নিহত হন। বর্তমানে আলোচিত দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, সেটি ওই ঘটনারই ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে দৈনিক গণকণ্ঠের ফেসবুক পেজে গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যা বর্তমানে প্রচারিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভিডিওটির মন্তব্য অংশ থেকে জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিজ ক্যাম্পাসে অন্য বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই জুনিয়র শিক্ষার্থী বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যদের ডেকে আনে। পরে তারা ক্যাম্পাসের ভেতরে পারভেজকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরবর্তী সময়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আরও অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর গত ২৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহাথির হাসান (২০) নামের এক আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি স্বেচ্ছায় আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সুতরাং, রাজধানীতে বিএনপি কর্তৃক নিজ বাড়িতে যুবলীগ নেতা খুন হওয়ার দাবিতে আট মাস আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের ভিডিও প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: