গৃহপরিচারিকা ফাতেমা কর্তৃক খালেদা জিয়ার কবর জিয়ারতের দৃশ্য দাবি করে এআই তৈরি একটি ছবি ভাইরাল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত ৩১ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এরইমধ্যে গৃহপরিচারিকা ফাতেমা বেগম, খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গৃহপরিচারিকা ফাতেমা বেগম কর্তৃক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ফাতেমা বেগমের খালেদা জিয়ার কবর জিয়ারতের আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, ছবিটি পর্যবেক্ষণে খালেদা জিয়ার কবর, আশেপাশে উপস্থিত ব্যক্তিসহ পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে নির্মিত ছবিতে দেখা যায়। 

বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার প্রচারিত ছবিটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ বলে জানানো হয়।

পাশাপাশি, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘CFM (2025)’ মডেলের বিশ্লেষণেও ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানা যায়।

অর্থাৎ, আলোচিত ছবিটি বাস্তব নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, এআই-নির্মিত ছবিকে গৃহপরিচারিকা ফাতেমা বেগমের খালেদা জিয়ার কবর জিয়ারত করার আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis 
Share: