কলকাতায় আ. লীগের কথিত বৈঠকে কূটনীতিক ও শীর্ষ নেতাদের আগমনের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের বৈঠক ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিক ও দলের শীর্ষ নেতাদের আগমনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি কলকাতায় আওয়ামী লীগের কথিত বৈঠক ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিক ও দলের শীর্ষ নেতাদের আগমনের নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গুজরাটের জামনগরে আগমনের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে Asian News International (ANI) এর এক্স অ্যাকাউন্টে গত ২০ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর পুরোপুরি মিল রয়েছে।

২৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায় এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গুজরাটের জামনগরে আগমনের ঘটনার দৃশ্য।
পাশাপাশি, Press Trust of India এর এক্স অ্যাকাউন্টে গত ২০ নভেম্বরে একই ভিডিও প্রকাশ করা হয় এবং ক্যাপশনে এটিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গুজরাটের জামনগরে পৌঁছানোর সময়ের ঘটনা বলে উল্লেখ করা হয়।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম The New Indian Express এর ওয়েবসাইটে গত ২১ নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জামনগরে আগমনের বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আম্বানি পরিবারের আমন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গুজরাটের জামনগরে রিলায়েন্সের ভান্তারা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন এবং আনন্দ আম্বানির সঙ্গে পুরো স্থাপনা ঘুরে দেখেন। এর আগে তিনি আগ্রায় তাজমহল ও জামনগরে কয়েকটি মন্দিরও ঘুরে দেখেন।
অর্থাৎ এটি নিশ্চিতভাবে বলা যায় যে, প্রচারিত ভিডিওটি কলকাতায় আওয়ামী লীগের কথিত বৈঠক ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিক ও দলের শীর্ষ নেতাদের আগমনের নয়।
সুতরাং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গুজরাটের জামনগরে আগমনের ঘটনার ভিডিওকে কলকাতায় আওয়ামী লীগের কথিত বৈঠক ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিক ও দলের শীর্ষ নেতাদের আগমনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Asian News International: X Post
- Press Trust of India: X Post
- The New Indian Express: US President’s son Donald Trump Jr visits Vantara

