শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভের ভুয়া দাবি প্রচার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, আন্দোলনরত আইনজীবীরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাতিলের জন্যে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভের দাবিটি সঠিক নয়। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজের একটি প্রতিবেদনের সংবাদপাঠিকার ফুটেজে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিন্ন ভয়েসওভার যুক্ত করে তার সাথে আদালত প্রাঙ্গণে বিভিন্ন সময় হওয়া আইনজীবীদের আন্দোলনের ভিডিও ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে কোনো আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় দেখা যায়, ভিডিওটির শুরুতে ডিবিসি নিউজের একটি প্রতিবেদনের সংবাদপাঠিকার ফুটেজ দেখানো হয়। যেখানে সংবাদপাঠিকাকে ‘হাসিনার মৃত্যুদন্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ২৪ ঘণ্টার আল্টিমেটাম। রায় বাতিল না হলে দেশ জুড়ে তান্ডব চালানোর হুশিয়ারি।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা গেলেও ভিডিওটিতে ‘জনগণের আকাঙ্খা পূরণে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল’ শিরোনাম দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভিডিওটিতে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আন্দোলনের বিভিন্ন ফুটেজ দেখানো হয়। যার বেশ কয়েকটি আলোচিত দাবিটির সাথে অপ্রাসঙ্গিক। তাই উক্ত প্রতিবেদনে ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র দাবির সাথে প্রাসঙ্গিক ভিডিও ফুটেজগুলোই যাচাই করে দেখা হয়।
ভিডিও যাচাই ১
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরুতে দেখতে পাওয়া ডিবিসি নিউজের সংবাদপাঠিকার ফুটেজের বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমটি এবং ভিডিওতে দেখতে পাওয়া ‘জনগণের আকাঙ্খা পূরণে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল’ শিরোনামের সূত্র ধরে অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৭ নভেম্বর প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনের সংবাদপাঠিকার ফুটেজে তাকে ‘হাসিনার মৃত্যুদন্ডের রায় বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল। ২৪ ঘণ্টার আল্টিমেটাম। রায় বাতিল না হলে দেশ জুড়ে তান্ডব চালানোর হুশিয়ারি।’ শীর্ষক কথাগুলোর পরিবর্তে ‘শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। এই সংকট রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হাবিব খান ভাষানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। তবে উভয় ভিডিওতেই ‘জনগণের আকাঙ্খা পূরণে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল’ শিরোনামটি দেখতে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভিন্ন ভয়েসওভার যুক্ত করা হয়েছে।
পাশাপাশি উক্ত প্রতিবেদনের কোথাও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই ২
পরবর্তীতে ভিডিওটিতে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভের একটি ভিডিও দেখতে পাওয়া যায়। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৫ অক্টোবর প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি সেসময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিক্ষোভের ঘটনার দৃশ্য। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ও ফারুক খানের শুনানি শেষে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় কয়েকজন আওয়ামী লীগপন্থী আইনজীবীদের স্লোগান দেওয়ার ভিডিও এটি। এর সাথে আলোচিত দাবির সংশ্লিষ্টতা নেই।
পরবর্তীতে ভিডিওটিতে বিক্ষিপ্তভাবে বেশকয়েকটি ফুটেজ বারবার দেখানো হয়। তাই পরবর্তী ভিডিও যাচাইগুলো কোনো ক্রম অনুসরণ না করে করা হয়েছে।
ভিডিও যাচাই ৩
আলোচিত ভিডিওটিতে ‘আইনজীবী সমাবেশ’ লেখা একটি ব্যানার হাতে আইনজীবীদের ফুটেজ দেখা যায়। ব্যানারের নিচের অংশ দেখে বুঝা যায়, এটি সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচির ব্যানার। পরবর্তীতে প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২১ এপ্রিল প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বেশকিছু ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির একাধিক ফুটেজের হুবহু মিল রয়েছে। এছাড়াও জানা যায়, আইনজীবীদের উক্ত সমাবেশটি মূলত অভ্যুত্থান পরবর্তী সময়ে সুপ্রিমকোর্টে বিদ্যমান আওয়ামী লীগ সমর্থিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আয়োজিত হয়। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ৪
সর্বশেষ ভিডিওটিতে আলোচিত দাবির সাথে সম্পর্কিত আরেকটি ভিডিও দেখানো হয় যেখানে কয়েকজন আইনজীবীকে মেগাফোন হাতে বক্তব্য প্রদান করতে দেখা যায়। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চের মাধ্যমে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে প্রচারিত মূল ভিডিওটির সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বেশকিছু ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একাধিক ফুটেজের হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও ভিডিওটির শিরোনাম এবং আইনজীবীদের বক্তব্য থেকে জানা যায়, মূলত এটি হাইকোর্ট ঢাকার বাইরে সরানোর জন্যে আইনজীবীদের বিক্ষোভ কর্মসূচির ঘটনার ভিডিও। এর সাথেও আলোচিত দাবির সংশ্লিষ্টতা নেই।
এছাড়াও ভিডিওটির শেষাংশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের একটি ফুটেজ দেখানো হয় যেটিও দাবির সাথে সম্পর্কিত নয়।
অর্থাৎ, আইনজীবীদের ভিন্ন ভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও ফুটেজকে সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DBC NEWS Daily Youtube Channel: BD Skip navigation Search Create Avatar image ‘শেখ হাসিনার মামলার রায় ঘিরে তৈরি হওয়া সংকট একসাথে মোকাবিলা করতে হবে’
- Channel 24 Youtube Channel: আদালতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের মিছিল
- Somoy TV Youtube Channel: ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগ দাবিতে বিএনপি আইনজীবীদের বিক্ষোভ
- Channel 24 Youtube Channel: ঢাকার বাইরে হাইকোর্ট সরানোর উদ্যোগে আইনজীবীদের বিক্ষোভ
- Rumor Scanner’s Analysis

