শেখ মুজিব হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে শীর্ষক মন্তব্য করেননি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রসঙ্গে “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কারণেই বাংলাদেশ এতিম হয়ে যায়। মুসলিম উম্মাহর মধ্যে তাঁকে সর্বসম্মতভাবে সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু তাঁর হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর সেই স্বপ্নকে চূর্ণ করে দেয়।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ মুজিবুর রহমান হত্যাকণ্ড নিয়ে মাহাথির মোহাম্মদের আলোচিত মন্তব্য করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তিনি এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই তার নামে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে মাহাথির মোহাম্মদের এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট কাজী মামুনের ইউটিউব চ্যানেলে মাহাথির মোহাম্মদের একটি সাক্ষাৎকারের ভিডিওর সন্ধান পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে মাথাথির মোহাম্মদকে কাজী মামুনের প্রশ্নের প্রেক্ষিতে বলতে শোনা যায়, “শেখ মুজিবুর রহমান ছিলেন সেই সময়ের নেতা যখন পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে পৃথক হয়ে ‘বাংলাদেশ’ নামে নতুন দেশ গড়ে তোলে। এই অবদানের জন্য বাংলাদেশিদের তার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। পরে তাঁকে হত্যা করা হয়, এরপর তাঁর কন্যা প্রধানমন্ত্রী হন।” উক্ত সাক্ষাৎকারে তাকে বঙ্গবন্ধুর হত্যা প্রসঙ্গে এছাড়া আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ মার্চ রাত ২ টা ৫৪ মিনিটে উক্ত মন্তব্য সংবলিত সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এর আগেও উক্ত পেজটি থেকে একাধিকবার ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে ভুয়া মন্তব্য ও তথ্য প্রচার করতে দেখা যায়। যেগুলোর সত্যতা যাচাই করে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, মাহাথির মোহাম্মদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মুসলিম উম্মাহর স্বপ্নকে চূর্ণ করে দিয়েছে’ এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The CrossExam with Kazi Mamun Youtube Channel: Dr. Mahathir with Kazi Mamun | Sheikh Mujibur Rahman | Sheikh Hasina | Bangladesh | The CrossExam
- Rumor Scanner’s Analysis

