সম্প্রতি, “হঠাৎ ধানমন্ডিতে মিছিল করলো ছাত্রলীগ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয়, বরং ২০২২ সালে নয়াপল্টন এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রতিদিন খবর24’ নামক ফেসবুক পেজে ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ১১ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির শুরুর অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এছাড়া, দেশীয় সংবাদমাধ্যম ‘আমার সংবাদ’ এর ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ, ২০২২ সালের ৭ ডিসেম্বর “পুলিশ-বিএনপি সংঘ’র্ষ!ছাত্রলীগের মিছিল-শোডাউন।নয়াপল্টন এলাকা রণ’ক্ষে’ত্রে পরিনত” ক্যাপশনের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওর সাথে ‘আমার সংবাদ’ এর ফেসবুক পেজে প্রচারিত ভিডিওর ঘটনারও মিল পাওয়া যায়।
পরবর্তীতে, আলোচিত এই মিছিলের বিষয়ে অনুসন্ধানে দৈনিক ঢাকা টাইমসের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় ছাত্রলীগের শতাধিক কর্মী স্ট্যাম্প ও লাঠি হাতে মহড়া দিয়ে বিএনপি বিরোধী স্লোগান তোলে। তারা বিএনপিকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়ে সরকার পতনের দাবিকে চ্যালেঞ্জ জানায়।
সুতরাং, ২০২২ সালের নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের আশেপাশে লাঠি হাতে ছাত্রলীগের মহড়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ধানমন্ডিতে ছাত্রলীগের মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- প্রতিদিন খবর24: Facebook Video
- আমার সংবাদ: Facebook Video
- Dhaka Times: Website News


