ইরানের হামলায় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার দাবিটি মিথ্যা

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী দাবি করে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, নেতানিয়াহুর বাসভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু, তার পরিবার ও তার ছোট ভাই নিহত হন। আলোচিত এই ভিডিওটিকে সেই ঘটনারই হিসেবে পোস্টটিতে উপস্থাপন করা হয়।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, নেতানিয়াহু জীবিত আছেন। লেবাননে ২০২৪ সালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে আর্ন্তজাতিক গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। বরং, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বেশ কিছু সংবাদ সম্মেলনদেশটির জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণের ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমনকি আলোচিত ভিডিওটি প্রচারিত (১১ মার্চ) হওয়ার প্রায় নয় দিন পর (২০ মার্চ) একটি সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, নেতানিয়াহুর মৃত্যুর দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মার্কিন গণমাধ্যম Voice of America-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ নভেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলা চালানোর ঘটনার ভিডিও। ভবনটি হিজবুল্লার ঘাঁটি দাবি করে ইসরায়েলি বাহিনী সেসময় এটিতে হামলা চালায় বলে জানা যায়।

একই ভিডিওটি ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকেও একই তথ্য পাওয়া যায়। পাশাপাশি জানা যায়, সেসময় ইসরায়েলি বাহিনী ভবনটি থেকে সাধারণ বাসিন্দাদের অপসারণ করে তারপর হামলাটি চালায়।

সুতরাং, ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: