৯০ দিনের জন্য নির্বাচন স্থগিতের দাবিটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৯০ দিনের জন্য নির্বাচন স্থগিতের দাবিটি সত্য নয়। নির্বাচন আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে। মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও এ সংক্রান্ত তথ্যের সত্যতা মেলেনি।

এ বিষয়ে অনুসন্ধানে জাগো নিউজ২৪-এর ২১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, প্রার্থীরা ২১ জানুয়ারি মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ২১ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের দিন যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি যেন কোথাও কোনো গলদ না থাকে এবং ২০২৬ সালের নির্বাচন এমন হতে হবে, যা ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে।

অর্থাৎ নির্বাচন আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবেই চলমান রয়েছে। নির্বাচন স্থগিতের দাবিকে সমর্থন করে এমন কোনো তথ্য মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, ‘৯০ দিনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে’ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: