ভোলায় তোফায়েলের জানাজায় সেনাবাহিনীর বাধা ও সেনাবাহিনীর গাড়িতে জনতার হামলার ভুয়া দাবি ইন্টারনেটে

গতকাল (০১ জুন) উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ (০২ জুন) জোহরের নামাজের পর ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার ২য় জানাজা সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে, তোফায়েল আহমেদের জানাজায় বাঁধা দিতে গিয়ে সেনাবাহিনীর গাড়ি জনতার হামলা শিকার হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই, এমনকি ভিডিওটি ভোলারই নয়। প্রকৃতপক্ষে, গত বছরের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়িতে হওয়া ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় সেনাবাহিনীর গাড়ি ধাওয়া দেয় আন্দোলনকারীরা। সেই ঘটনার ভিডিও এটি।

অনুসন্ধানে বাহান্ন নিউজের ফেসবুক পেজে গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

বাহান্ন নিউজের ক্যাপশন দাবি করা হয়, এটি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে ধর্ষণ বিরোধী আন্দোলনের নেতা ক্যুনান চাকমাকে গ্রেফতারের ঘটনার প্রতিক্রিয়ার ভিডিও।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত বছরের ২৬ সেপ্টেম্বর “খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে সমাবেশ, কাল আবারও অবরোধ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৭ জুন খাগড়াছড়ি সদরের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। সেই ঘটনার প্রতিবাদে সমাবেশ ও অবরোধের ডাক দেন স্থানীয় বাসিন্দারা। জুম্ম–ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা অভিযোগ করে তখন বলেছিলেন আন্দোলন চলাকালে ২৫ সেপ্টেম্বর তাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করেছিল।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আজ (০২ জুন) ভোলায় সেনাবাহিনীর সাথে জনতার সংঘর্ষের কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। 

সুতরাং, গত বছরে খাগড়াছড়িতে ভিন্ন ঘটনার ভিডিওকে আজ ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাঁধা দেওয়ায় সেনাবাহিনীর গাড়িতে জনতার হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: