সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার 

গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে, সংকটাপন্ন অবস্থায় গত ১৫ ডিসেম্বর তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে তার চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানিয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে হাদির চোখ মেলে তাকানোর দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদের মতে, হাদির অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানা যায়। এছাড়া, দেশটির নিউরোসার্জনদের সবশেষ মূল্যায়ন অনুযায়ী, হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা (ফোলা) কমেনি এবং তার চিকিৎসার ক্ষেত্রে এই ‘টাইম উইন্ডো’ বা সময়সীমাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে।

পাশাপাশি, চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত তথ্য প্রদানকারী এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, হাদির আইসিইউ-এ থাকা ছবি মিডিয়ার কাছে কিংবা কোনো ব্যক্তির কাছে নেই বলে নিশ্চিত করেন। একইসঙ্গে, প্রচারিত এই ছবিটি ভুয়া এবং এআই দিয়ে তৈরি বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, পর্যবেক্ষণে ছবিটির ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ দেখা যায়। এটি হচ্ছে, গুগল ডিপমাইন্ড ‘ন্যানো বানানা’ নামে একটি উন্নত ইমেজ এডিটিং মডেল। যা বর্তমানে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির মাধ্যমে ব্যবহার করা যায় এবং মডেলটি ব্যবহারকারীদের উন্নত ও সৃজনশীলভাবে ছবি সম্পাদনার সুযোগ প্রদান করে থাকে।

পরবর্তীতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect এ পরীক্ষা করলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ।

অর্থাৎ, উপরোক্ত আলোচনা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, প্রচারিত ছবিটি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: