রাজশাহী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, রাজশাহী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রাজশাহী আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কোনো দৃশ্য নয় বরং, ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে কোথাও রাজশাহী জেলা বা এর কোনো শাখা আওয়ামী লীগের ব্যানার বা পোস্টার দেখা যায়নি। ভিডিওটিতে কয়েকটি ভিন্ন ভিন্ন ঘটনার ফুটেজ যুক্ত থাকতে দেখা যায়।

বিষয়টি যাচাইয়ে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৫ নভেম্বর ‘রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ ও ঝাড়ু মিছিল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।

জানা যায়, এটি ২০১৯ সালে রংপুরে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিক্ষোভ ও ঝাড়ু মিছিলের ভিডিও।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল টুয়েন্টিফোর এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ আগস্ট প্রকাশিত সজীব ওয়াজেদ জয়ের একটি ভিডিও সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটিতে সজীব ওয়াজেদ জয়কে ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে দেখা যায়।

অর্থাৎ, এই ভিডিওটির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে রাজশাহী আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: