“তারেক রহমানের ভেতর আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই” শীর্ষক মন্তব্য করেননি রাশেদ খাঁন

সম্প্রতি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া মুহাম্মদ রাশেদ খান “তারেক রহমানের ভেতর আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই” বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত শর্টস দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাশেদ খাঁন ‘তারেক রহমানের ভেতর আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই’ বলে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের আদলে পরিচালিত ‘GojobVision’ নামে এক স্যাটায়ার পেজ থেকে রাশেদ খানের নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির বামপাশে ‘gojobvision’ শীর্ষক নাম ও লোগো’র অস্তিত্ব রয়েছে। এছাড়াও, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩৬ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি গত ২৭ ডিসেম্বর বিকেল ৩ টা ১১ মিনিটে প্রথম বাংলাভিশনের আদলে পরিচালিত স্যাটায়ার পেজ গজবভিশনে প্রচার করা হয়। মূলত, গজবভিশনের ফটোকার্ডটিই পরবর্তীতে রাশেদ খানের বাস্তব মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে মূল গণমাধ্যম বাংলাভিশনে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। এমনকি, অন্যকোনো গণমাধ্যমেও রাশেদ খানের এমন মন্তব্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, উভয় পোস্টের মন্তব্যের ঘর পর্যালোচনা করে দেখা যায়, অনেকেই তারেক রহমানকে উদ্ধৃত করে রাশেদ খানের নামে প্রচারিত এই মন্তব্যটি বাস্তব ভেবে বিভ্রান্ত হয়েছেন।

সুতরাং, রাশেদ খান ‘তারেক রহমানের ভেতর আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- GojobVision: Facebook Post
- BanglaVision: Facebook Page
- Rumor Scanner’s Analysis

