ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছেন দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার হতে দেখা যায়। বিজ্ঞপ্তিটিতে “বাংলাদেশ আওয়ামী যুবলীগের সর্বোচ্চ অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দীর্ঘ অপশাসন মোকাবিলায় যুবলীগকে গতিশীল করার লক্ষ্যে তৃণমূল কর্মীদের আস্থার প্রতীক ‘ইসমাইল চৌধুরী সম্রাট’ কে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রদান হলো” শীর্ষক লিখা রয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

এই সূত্র ধরে ব্যারিস্টার ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছে দাবিতে তাকে অভিনন্দন জানিয়ে একাধিক পোস্ট দিতেও দেখা যায়। দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এছাড়া, দায়িত্ব পেয়ে ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়েছেন দাবিতে একটি ছবিও প্রচার হতে দেখা যায়। দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হননি এবং তিনি ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতেও যাননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ধানমন্ডি-৩২ এ তিনি সম্প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দাবিতে যে ছবিটি প্রচার করা হয়েছে সেটি এআই দিয়ে তৈরি।

শুরুতে যুবলীগের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার বিষয়টি নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি আওয়ামী লীগযুবলীগের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, যুবলীগ কর্তৃক প্রকাশিত প্যাডের (, ) সাথে আলোচিত প্যাডটির ডিজাইনে অমিল রয়েছে।

অর্থাৎ, প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটিও ভুয়া।

এরপর, ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে যাওয়ার ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনি’র লোগো রয়েছে।

এছাড়া, গুগলের জেমিনিও আলোচিত ছবিটি জেমিনি দিয়ে তৈরি হিসেবে শনাক্ত করেছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ১১ মে জামিনে মুক্তি পান। ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরমধ্যে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং গত ২৫ ফেব্রুয়ারিতে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে আসামির অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

সুতরাং, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন দাবিটি মিথ্যা এবং তার ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে যাওয়ার ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: